জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

আগাম জামিন পেলেন মির্জা ফখরুলসহ বিএনপির ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ১৭:৩৪, জানুয়ারি ২০, ২০১৪
পৃথক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. বোরহানউদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিএনপির নেতারা আদালতে হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করেন। তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী। তাঁদের সহযোগিতা করেন আইনজীবী সগীর হোসেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।
পরে সগীর হোসেন ‘প্রথম আলো’কে জানান, রমনা থানায় করা এক মামলায় মির্জা ফখরুলের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। এ মামলাসহ রমনা থানায় করা তিনটি এবং শাহবাগ থানায় করা একটি মামলায় মির্জা আব্বাসকে আট সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। অন্যদিকে চারটি মামলায় গয়েশ্বরকে চার সপ্তাহের এবং আমানউল্লাহকে নয়টি মামলায় জামিন মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে আমানউল্লাহর বিরুদ্ধে ঢাকায় করা মামলাগুলোতে তাঁর আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করা হয়।

No comments:

Post a Comment