)-আপডেট:
আদমদীঘি উপজেলার সদরে বগুড়া-সান্তাহার সড়কের পাশে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখায় এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ব্যাংকের দুই নিরাপত্তা প্রহরীসহ চারজনকে গতকাল শনিবার আটক করেছে পুলিশ।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুদ্দিন শরিফ জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নের জামানতের টাকা নেওয়ার জন্য সরকারি নির্দেশে গতকাল শনিবার ব্যাংক খোলা রাখা হয়। সারা দিন ব্যাংকে তেমন লেনদেন ছিল না, এ কারণে সকালের দিকে ভল্ট খোলার প্রয়োজন পড়েনি। বিকেল সাড়ে চারটার দিকে ভল্ট খুলতে গিয়ে দেখা যায়, ভল্ট ভাঙা। সেখানে রাখা ৩২ লাখ ৫১ হাজার ৯৮৪ টাকা নেই। পরে সুড়ঙ্গের মধ্যে আট লাখ ৭১ হাজার ২০০ টাকা পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, বগুড়া-সান্তাহার সড়কের পাশে সোনালী ব্যাংকের ওই শাখাটি একটি তিনতলা ভবনে। নিচতলায় ব্যাংকের কার্যালয়। ওপরের দুই তলাতে মানুষ বসবাস করে। ভবনটি থেকে ২৫ ফুট দূরত্বে ‘বিপ্লব ফার্নিচার’ নামের একটি আসবাবের দোকান আছে। মাঝে একটি সরু গলি। সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে আসবাবের দোকানের গুদামঘর থেকে ব্যাংকের ভল্ট রুম পর্যন্ত। সুড়ঙ্গটি প্রায় ২০ ফুট দীর্ঘ। ব্যাংকের কর্মকর্তাদের ধারণা, শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় দুর্বৃত্তরা ওই দিন বা তার আগের দিন থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ব্যাংকের নিরাপত্তাপ্রহরী মিলন হোসেন ও পূর্ণদেব সাহা এবং ফার্নিচার দোকানের মালিক আশরাফুল ইসলাম ও কর্মচারী শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে গত ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের শাখায় প্রায় ৩০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে ঢাকা থেকে ঘটনার মূল হোতা হাবিবুর ওরফে সোহেলকে গ্রেপ্তার ও টাকা উদ্ধার করা হয়।