জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

বিএনপি লোকাল ট্রেনে ওঠার ঘোষণা দিয়েছে: হাছান মাহমুদ


হাছান মাহমুদআওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আন্তনগর ট্রেন মিস করে বিএনপি এখন লোকাল ট্রেনে ওঠার ঘোষণা দিয়েছে।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনকে আন্তনগর ও উপজেলা নির্বাচনকে লোকাল ট্রেনের সঙ্গে তুলনা করেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ‘সুবুদ্ধির’ জন্য বিএনপিকে ধন্যবাদ জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াতের সম্পর্ক পানি ও মাছের মতো। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি জামায়াত ছাড়া বিএনপি চলতে পারবে না।’
সোহরাওয়ার্দী উদ্যানে ‘জামায়াত ও অন্যান্য জঙ্গি সংগঠন’ ছাড়া সমাবেশকে লোক দেখানো বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। গতকাল নীলফামারীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এর মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের সম্পর্ক খোলাসা হয়ে গেছে।

গতকাল শুক্রবার বিকেলে নীলফামারী শহরের পৌর মার্কেটের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতে ইসলামী ১৮-দলীয় জোটে আছে, ভবিষ্যতেও থাকবে।’
২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমাদের ১৮-দলীয় জোট আছে। ২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশটি ছিল বিএনপির। এটা আমাদের দলের নিজস্ব। সে কারণে জামায়াত যায়নি। তারা ১৮-দলীয় জোটে আছে, থাকবে।’
হাছান মাহমুদ বলেন, ‘সব সময় যে বিদেশিদের দ্বারে দ্বারে ঘোরেন, তাদের পরামর্শ মেনে নিয়ে হলেও জামায়াতকে ছাড়ুন।’
গতকাল নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের জবাবে বিএনপির নেতা আসাদুজ্জামান বলেছিলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের যে ট্রেন চলেছে, তার যাত্রীরা ছিল টিকিটবিহীন, অবৈধ যাত্রী। বিএনপি অবৈধ যাত্রী হতে চায়নি। সে ট্রেনে কোনো টিকিট চেকার ছিল না। তবে যদি কোথাও মোবাইল কোর্ট বসে, তাহলে বিনা টিকিটের যাত্রীদের জেল-জরিমানা হবে। তাই তাদের ভয় নিয়ে চলা উচিত।’
এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে। সরকার গঠন হয়ে গেছে। গন্তব্যে যাওয়া পর্যন্ত মোবাইল কোর্টের মুখোমুখি হয়নি। বিএনপি আন্তনগর ট্রেনে উঠতে ব্যর্থ হয়ে এখন লোকাল ট্রেনে ওঠার ঘোষণা দিয়েছে।’
নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘অসংলগ্ন কথা না বলে কোন ভুলে নির্বাচনের ট্রেন মিস করেছেন, সেটা বিশ্লেষণ করুন। কেনো বিদেশির পরামর্শ নিয়েছিলেন কি না, সেটাও খুঁজে বের করুন।’

No comments:

Post a Comment