জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

এরশাদ ‘দল’, রওশন ‘সংসদীয় দল’ চালাবেন?

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ০২:৪২, জানুয়ারি ১৯, ২০১৪ |
জাতীয় পার্টি (জাপা) ও এর সংসদীয় দলের নেতৃত্বকে আলাদা রূপ দিতে তৎপর হয়েছেন রওশন এরশাদপন্থী নেতারা। তাঁরা চান, চেয়ারম্যান হিসেবে এইচ এম এরশাদ দল পরিচালনা করবেন, আর বিরোধীদলীয় নেতা হিসেবে জাপার সংসদীয় দল চালাবেন রওশন।
জাপার শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রওশনপন্থী নেতারা এ ধরনের চিন্তা নিয়ে এগোচ্ছেন। এ কারণে তাঁরা সংরক্ষিত নারী আসনে নারী সাংসদ মনোনয়ন দেওয়াসহ সংসদবিষয়ক যাবতীয় কর্মকাণ্ডের কর্তৃত্ব রওশন এরশাদের হাতে রাখতে তৎপর।
জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ফখরুল ইমাম প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, স্যার (এরশাদ) দল চালান, আর ম্যাডাম (রওশন) সংসদীয় দল চালান। কারণ, ম্যাডাম নির্বাচন করে বিরোধীদলীয় নেতার পদ অর্জন করেছেন। তাই জাপার সংসদীয় দলের বিষয়ে সকল সিদ্ধান্ত তাঁরই নেওয়া উচিত।’
এ প্রক্রিয়ার অংশ হিসেবে রওশনের নেতৃত্বে দলটির নবনির্বাচিত সাংসদেরা আজ রোববার বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে রওশনের বাসায় সাংসদদের বৈঠক হয়। কিন্তু এ সিদ্ধান্তের খবর এরশাদপন্থী নেতাদের জানানো হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রওশনের বাসায় বৈঠকে উপস্থিত ছিলেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ কাজী ফিরোজ রশীদ। গতকাল বেলা দেড়টায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি স্মৃতিসৌধে যাওয়ার বিষয়টি জানান। এরশাদ স্মৃতিসৌধে যাবেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় দলের সিদ্ধান্ত নেবেন রওশন, আর পার্টির সিদ্ধান্ত নেবেন এরশাদ।
এ সম্পর্কে জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টি ও এর সংসদীয় দল একই সূত্রে গাঁথা। পার্টি ও সংসদীয় দলকে আলাদা করে দেখার সুযোগ নেই। তা ছাড়া পার্টির চেয়ারম্যানও একজন সাংসদ, আমিও সাংসদ।’ তিনি জানান, আজ রোববার জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার বিষয় তাঁর জানা নেই।
ফুল দেওয়ার কর্মসূচি সম্পর্কে জাপার মহাসচিব বলেন, এখন তো ফুল দেওয়ার কিছু নেই, কোনো বিশেষ দিবসও নেই। শপথও হয়ে গেছে।

No comments:

Post a Comment