জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

সাভারে আ.লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সাভার | আপডেট: ০২:৪৭, জানুয়ারি ২১, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারের বাড়িতে গতকাল সোমবার রাতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এই হামলা চালানো হয়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪০-৫০টি মোটরসাইকেলে করে অন্তত ১০০ সন্ত্রাসী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে সাভার পৌর এলাকার তালবাগে আলী হায়দারের বাড়ির সামনে দিয়ে চলে যায়। এর কয়েক মিনিট পর তারা আবার বাড়ির সামনে গিয়ে হামলা চালিয়ে বাসার মূল ফটক ভাঙার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে তারা বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তারা জানালার কাচ ভাঙচুরের পর বাড়ির সামনে ফুলের বাগান তছনছ করে। এ সময় আলী হায়দার ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।
খবর পেয়ে স্থানীয় সাংসদ এনামুর রহমান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সাভার থানার পুলিশ ওই বাসায় যায়। কিন্তু এর আগেই হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আলী হায়দার বলেন, ‘আমাকে সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের অনুসারী মনে করে রাজনীতি থেকে সরিয়ে একঘরে করার জন্য আওয়ামী লীগের কতিপয় নেতার ইন্ধনে এ হামলা করা হয়েছে।’
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, খোঁজখবর নিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

No comments:

Post a Comment