জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

১২৪ মামলায় আসামি সাড়ে ২৪ হাজার

দিনাজপুর অফিস | আপডেট: ০২:০৯, জানুয়ারি ২১, ২০১৪ | প্রিন্ট সংস্করণ
পাঁচ জানুয়ারির নির্বাচনে সহিংসতার অভিযোগে দিনাজপুরের ১১টি উপজেলায় ১২৪টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোতে ৫৬০ জনের নাম উল্লেখ করে ১৮ দলের ২৪ হাজার ৫০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। দিনাজপুুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ সুপার কার্যালয় থেকে জানা যায়, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট গ্রহণের আগে ও পরে জেলার পাঁচটি সংসদীয় আসনের অধীন ১১টি উপজেলায় ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভোটদানে বাধা, সংখ্যালঘুদের হুমকি এবং নির্বাচনের পক্ষের লোকজনের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাদী হয়ে ১৮ দলের ৫৬০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলাগুলো দায়ের করেন।
পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, পার্বতীপুর উপজেলায় মোট ১৮টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে দুই হাজার ৯০০ জনকে। বিরামপুরে ১৪টি মামলায় আসামি করা হয়েছে দুই হাজার ২৫০ জনকে। ফুলবাড়ী থানায় ১২টি মামলায় দুই হাজার ৫০ জন, বীরগঞ্জ থানায় ১২টি মামলায় দুই হাজার ৮০০ জন, চিরিরবন্দর থানায় ১২টি মামলায় দুই হাজার ৬৫০ জন, দিনাজপুর সদরে ১১টি মামলায় তিন হাজার ৪০০ জন, কাহারোলে ১১টি মামলায় দুই হাজার ১৫০ জন, ঘোড়াঘাটে ১০টি মামলায় দুই হাজার ১৫০ জন, খানসামায় নয়টি মামলায় এক হাজার ৫০০ জন, নবাবগঞ্জে নয়টি মামলায় এক হাজার ৫০০ জন এবং হাকিমপুর উপজেলায় ছয়টি মামলায় এক হাজার ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ১১টি উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোট ৩১৮ জন আসামিকে গ্রেপ্তার করলেও এর মধ্যে ২০০ জন আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।
যৌথ বাহিনী গতকাল ভোরে ১৮ দলের আরও ২৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে।

No comments:

Post a Comment