তামিমের পরিস্থিতি বোঝা উচিত ছিল: মুশফিক
|
আপডেট: ১৭:৫৮, জানুয়ারি ৩০, ২০১৪
গত এক বছর বাংলাদেশ ছিল খুবই ধারাবাহিক। চার মাস আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের খেলা ছিল অনেকটাই প্রেরণাদীপ্ত। কিন্তু হঠাত্ করেই এই ম্যাচে বাংলাদেশ যেন হয়ে গেল ‘পুরনো বাংলাদেশ’। এমন পারফরম্যান্সের ব্যাখা দিতে গিয়ে নিজেদের ভুলগুলোই তুলে ধরলেন মুশফিক, ‘এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় না লড়াই করার জন্য দলের সবাই প্রস্তুত ছিল। মাঠে গিয়েও ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে। বোলিং-ফিল্ডিং, বিশেষ করে ফিল্ডিংটা খুবই খারাপ হয়েছে। এক ম্যাচে অনেক ভুল হওয়ায় মনে হচ্ছে ব্যাপারটা অনেক বড়।’
প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছ থেকেও অনেক কিছু শেখার ছিল বলে স্বীকার করেছেন মুশফিক, ‘প্রতিপক্ষ যেখানে অনেক ভালো ব্যাটিং-বোলিং করছে, সেখানে তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার ছিল। আমরা সেটাও পারিনি। এদিক দিয়েও আমরা পিছিয়ে আছি। সামনে সময় খুব বেশি নেই। হাতে তিন দিন আছে। এর মধ্যে নিজেদের তৈরি করে ফেলতে হবে।’
এই টেস্টের আগে কি নিজেদের ওপর খুব বেশি চাপ নিয়ে ফেলেছিল বাংলাদেশ? প্রশ্নটিকে উড়িয়েই দিতে চাইলেন মুশফিক, ‘নাহ্, চাপ নেওয়ার কিছু নেই। আমার মনে হয়, খেলাটাতে আমাদের প্রমাণ করার কিছু নেই। হ্যাঁ, নিজেদের সঙ্গে একটা যুদ্ধ ছিল। বিশেষ করে নিজেদের মাঠে ভালো করার একটা চ্যালেঞ্জ ছিল।’ মুশফিক মনে করিয়ে দিতে চাইলেন, ‘অতীতে বাংলাদেশ কিন্তু এর চেয়েও ভালো বোলিং আক্রমণের বিপক্ষে অনেক ভালো খেলেছে।’
শ্রীলঙ্কা মাঠে অনেক সুযোগ দিয়েছিল, কিন্তু দলের খেলোয়াড়েরা সেগুলো কাজে লাগাতে পারলে হয়তো আজ পরিস্থিতি অন্য রকমই থাকত। মুশফিক বললেন, ‘ওরা যে সুযোগগুলো দিয়েছিল, সেগুলো কাজে লাগাতে পারলে ওদের স্কোর ৫০০-৫৫০ এর মধ্যে আটকে রাখা যেত। আমরাও ভালো ব্যাটিং করলে এর কাছাকাছি হয়তো রান তুলেতে পারতাম। খেলাটাই অন্য রকম হতো।’
একাদশে তিন পেসার খেলানো যৌক্তিকতা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি মুশফিক, ‘স্পিনাররা যেকোনো উইকেটে তিন-চার দিনে সাহায্য পাবে। তবে আমরা যদি টসে জিতে ফিল্ডিং পেতাম, তাহলে শুরুর দিকে পেসাররা সাহায্য পেত। সেদিক থেকে তিনটা সিমার নেওয়াটা যৌক্তিক হতো।’ মুশফিকের মতে দলের বোলিংটা খুব একটা খারাপ হয়নি, ‘সব মিলিয়ে বোলিং খুব খারাপ হয়নি। ব্যাটিং নিয়ে বেশি চিন্তা। এর চেয়ে অনেক ভালো ব্যাটিং করার সামর্থ্য আমাদের আছে।’
গতকাল শেষ বিকেলে তামিম ইকবালের উইকেট বিলিয়ে দিয়ে আসাটাও পছন্দ হয়নি মুশফিকের, ‘যার যেটা স্বাভাবিক খেলা, সেটা তো খেলবেই। এর আগেও এ রকম অনেক প্রশ্ন এসেছিল। আমার মনে হয়, পরিস্থিতি বোঝা উচিত। গতকাল আমাদের সার্ভাইভ করা উচিত ছিল। ও যে জানত না সেটাও না। আপনি যদি খেয়াল করেন, মাহেলাও কিন্তু ওভার দ্য টপ খেলছিল। পরিস্থিতি বোঝা উচিত। আট ওভার ছিল। যদি আরেকটু সতর্ক হয়ে খেলাতাম, আজকের দিনটা ১০ উইকেট নিয়ে শুরু করা যেত। হয়তো এভাবে ও অনেক রান করেছে। তবে আরেকটু গভীরভাবে ভাবলে হয়তো সে জিনিসগুলো শুধরাতে পারবে। ওয়ান অব দ্য বেস্ট ব্যাটসম্যান। ও থাকলে নিচের দিকের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসও বাড়ে।’
No comments:
Post a Comment