সুখবর মিলছে কেবল মেয়েদের ক্রিকেটেই
৩২৬ রান করেও ছেলেরা যেদিন পাকিস্তানকে হারাতে পারেনি, মেয়েরা কিন্তু কক্সবাজারে ঠিকই সেদিন পাকিস্তানকে হারিয়েছিল। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় নিয়ে সিরিজ জয়টা নিশ্চিত হয়েছে। সোহেলি আকতার, লতা মন্ডলের নিয়ন্ত্রিত বোলিং
আর আয়েশা, ফারজানাদের ব্যাটে পাকিস্তানের বিপক্ষে আজকের এই জয় কিন্তু আনন্দে উচ্ছ্বসিত হওয়ার মতোই।
টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ইনিংস শেষ হয় ৮৭ রানেই। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান আসে ফাতিমা আবেদীর ব্যাট থেকে। অধিনায়ক সানা মীর করেন ১৮ রান। বাংলাদেশের পক্ষে মাত্র ১৩ রানে ৩ উইকেট তুলে নেন সোহেলি আকতার। রুমানা, লতা ও পান্না নিয়েছেন ২টি করে উইকেট।
জবাবে লক্ষ্যে পৌঁছতে বাংলাদেশের খরচ হয় ৩৪.৫ ওভার। তবে ৩ উইকেটে জয়ের ব্যাপারটি ঠিক আজকের ম্যাচে বাংলাদেশের আধিপত্যের বার্তা দিতে পারছে না। ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে ফেলার পরেও, জয়সূচক রানটি নেওয়ার আগে আরও ৩ উইকেট হারিয়ে অযথাই খেলায় উত্তেজনা তৈরি করে বাংলাদেশের মেয়েরা।
আয়েশা আকতারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। ফারজানা হক করেন ১৮ রান। এ ছাড়াও লতার অবদান ১৬ রান। পাকিস্তানি অধিনায়ক সানা ২৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়টাকেই কেবল বিলম্বিত করতে পেরেছেন।
গত মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছিল সালমা খাতুনের মেয়েরা।
No comments:
Post a Comment