জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া দুঃখজনক: রওশন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২১:১৯, জানুয়ারি ২৯, ২০১৪
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, এটি দুঃখজনক ঘটনা। কিন্তু দলটি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন হবে না, এমনটি নয়।
আজ বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে রওশন এরশাদ এসব কথা বলেন।
রওশন এরশাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমরা এখানে আসতে পারতাম না। সেজন্য বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।’ এ সময় তিনি আতাউল গণি ওসমানী, এ কে খন্দকার, খালেদ মোশাররফসহ বীর মুক্তিযোদ্ধার নাম উল্লেখ করে শ্রদ্ধা জানান। এ ছাড়া তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে রওশন তার পুরো বক্তব্য একবারও এইচ এম এরশাদের নাম নেননি।
রওশন এরশাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র রক্ষা করেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। দেশের বড় সমস্যা রাজনৈতিক। রাজনৈতিক যে ধারা বিরাজ করছে, তা গণতন্ত্রের জন্য সহায়ক নয়। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল কখনো একসঙ্গে বসেনি। তাই প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, সেটি দুঃখজনক ঘটনা। কিন্তু কোনো দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না, তা তো হয় না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন প্রয়োজন।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘অনেকে প্রশ্ন তুলছে, সরকারে তিনজন মন্ত্রী আবার বিরোধী দলে থেকে কীভাবে তারা ভূমিকা পালন করবে? এটা নতুন কনসেপ্ট। কেয়ারটেকার তো আগে ছিল না। আমরা বিষয়টাকে সেভাবে দেখতে চাই। আমরা বিরোধী দলের ভূমিকা সেভাবে পালন করতে চাই। কতটুকু সফল হব, জানি না। তবে আন্তরিকতার ঘাটতি থাকবে না। সরকার ও বিরোধী দল আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করবে।’ নির্বাচিত হওয়ায় তিনি স্পিকারকে অভিনন্দন জানান।

No comments:

Post a Comment