জ্বলে উঠুন প্রযুক্তির আলোয় …

রাঙ্গুনিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা | আপডেট: ১৩:১৬, জানুয়ারি ২৪, ২০১৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় মো. জাহাঙ্গীর (৩২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে মো. জালাল (৩২) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় রাউজান গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জাহাঙ্গীর একই এলাকার রাজ ঘাটাকূল গ্রামের মফজল হোসেনের ছেলে। আজ শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
জাহাঙ্গীরের বড় ভাই মো. পারভেজের ভাষ্য, কিছু দিন আগে জাহাঙ্গীরের ফার্নিচারের দোকান থেকে একই এলাকার মো. বেলাল দুটি চৌকি নেওয়ার জন্য বলেন। গতকাল সকালে একটি চৌকি বেলালের বাড়িতে পাঠানো হয়। কিন্তু পছন্দ না হওয়ায় বেলাল তা ফেরত পাঠান। এ নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে বেলালের সারা দিন বাগবিতণ্ডা হয়। রাতে জাহাঙ্গীর দোকান থেকে বাড়ি ফেরার পথে ১০-১২ জন মুখোশধারী তাঁকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা জালাল নামের আরেক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।
রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফার ভাষ্য, রানীরহাট বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে যাওয়ার পথে জাহাঙ্গীরকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে স্থানীয় সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (ওসি) মো. ওয়ালিউল্লাহ জানান, ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এখনো কোনো মামলা হয়নি।

No comments:

Post a Comment